দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল সোমবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সমর্পণ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সক্রিয় জামায়াত কর্মী জাহিদুল (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সাইফুল ইসলাম হাওলাদার গোবিন্দপুর গ্রামের একটি দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিদুলকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য জব্দ করে আসামিকে থানায় নেওয়া হয়। পরবর্তীতে তাকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
প্রতিবেদক দামুড়হুদা