সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যার হুমকি

থানায় মামলা দায়ের, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যার হুমকি

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ২৮ বছর বয়সী ছবি খাতুন চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ডিঙ্গেদাহ গ্রামের মৃত জলিল মঞ্জিলের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক ছবি খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সী সুনহা নামে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন ছবি খাতুন।
অভিযোগে ছবি খাতুন উল্লেখ করেন, গতকাল রোববার বেলা একটার দিকে ডিঙ্গেদাহ গ্রামে শ্বশুরবাড়ির সামনের রাস্তায় স্বামী হাবিবুর রহমানসহ তার বড় ভাই মৃত তালহার স্ত্রী মোস্তয়ারা বেগম এবং মৃত তালহার ছেলে মুকুল মিয়া তার পরিবারের কাছ থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। তিনি এতে অস্বীকৃতি জানালে তারা লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি নীলাফোলা জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তার বড় বোন তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় অভিযোগ করেন।
ভুক্তভোগী ছবি খাতুন বলেন, ‘আমার স্বামী যৌতুকের জন্য প্রায়ই আমাকে মারধর করেন। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে তিন বছর সংসার করেছি। আমার স্বামী কোনো কাজ করেন না। আমার খরচও বাবার বাড়ি থেকে বহন করা হয়। তারপরও প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। আর সহ্য করতে না পেরে এবার আইনের আশ্রয় নিয়েছি।’
ছবির বড় বোন ববি আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার মা জমি বিক্রি করে ৫০ হাজার টাকা দিয়েছিল। এরপর বিভিন্ন সময় আরও টাকা দেওয়া হয়েছে। এমনকি সংসারের বাজার-সদাইয়ের খরচও অনেক সময় আমাদের পরিবারকে বহন করতে হয়েছে। তারপরও আমার বোনের ওপর নির্যাতন বন্ধ হয়নি।’
তিনি আরও অভিযোগ করেন, ছবির স্বামীর এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল। তবে আগের স্ত্রীদের সঙ্গেও দাম্পত্য কলহ ও নির্যাতনের কারণে সংসার টেকেনি বলে তিনি দাবি করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। মামলাও রুজু করা হয়েছে, মামলা রুজু করা মাত্রই আসামি গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী