চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) প্রতিহত করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন গেট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ওই পাঁচজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবি জানায়, পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচ বছর বয়সী একটি শিশু রয়েছে। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দলের নজরে আসে। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করেন। একপর্যায়ে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই পাঁচজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা কার্যকরভাবে ব্যর্থ হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমুান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবি জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সমীকরণ প্রতিবেদক