আলমডাঙ্গার সাহিত্যচর্চার অন্যতম আয়োজন ‘লেখকের গল্প’-এর পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নিমগ্ন পাঠাগারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর।
অনুষ্ঠানে কাজল হায়দারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহ। এরপর আনোয়ার রশীদ সাগর বহুমাত্রিক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে লেখক হয়ে ওঠার গল্প তুলে ধরেন। বক্তব্যে তিনি আলমডাঙ্গার অতীত ইতিহাস, ব্যক্তি জীবনের নানা অভিজ্ঞতা এবং সাহিত্যচর্চার প্রেরণার কথা শ্রোতাদের সামনে তুলে ধরেন।
বক্তব্য শেষে উপস্থিত শ্রোতারা তাঁর জীবন, সাহিত্যচর্চা ও লেখালেখি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি সেসব প্রশ্নের উত্তর দেন এবং নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে নিমগ্ন পাঠাগারের পক্ষ থেকে আনোয়ার রশীদ সাগরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়। এছাড়া শিল্পী আল ইমরান বকুল নজরুলসংগীত পরিবেশন করেন এবং মিনহাজ শোভন কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমদাদুল হক, মোস্তাফিজ ফরায়েজী, কহন কুদ্দুস, নাদিউজ্জামান রিজভী, জুনায়েদ উদ্দীন, মো. আবুল কালাম আজাদ, খোন্দকার আসাদুজ্জামান, তাওহিদুল ইসলাম খান, ফরহাদ হোসেন খান, মো. সিদ্দিক হোসেন, মো. সোহেল রানা, সালাউদ্দীন, ইমদাদুল্লাহ মুনশি, মো. বেলায়েত হোসেন বিপু, আন নাফি, মো. সাদিক খান, সাবিদ খান ও সাজিদ খানসহ সাহিত্যপ্রেমীরা।
আনোয়ার রশীদ সাগর সমকালীন বাংলা সাহিত্যের একজন বহুমাত্রিক লেখক। তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং বিভিন্ন অনলাইন সাহিত্যপত্রে নিয়মিত লিখে আসছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের এই কৃতী সাহিত্যিক ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর লেখায় গ্রামীণ জীবন, প্রকৃতি, প্রেম, মানবিকতা, সমাজবাস্তবতা ও সময়চেতনার স্বতন্ত্র প্রকাশ লক্ষ করা যায়। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ রয়েছে।
আলমডাঙ্গা অফিস