মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জীবননগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৬ ইং
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জীবননগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


জীবননগর অফিস:
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবুল বাশার তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি কুচক্রী মহল এবং সোহানুর জামান নামের এক ব্যক্তি পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে তাঁকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আবুল বাশার বলেন, তিনি কখনো মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের প্রমাণ কেউ উপস্থাপন করতে পারলে তিনি আইনের আওতায় জবাবদিহি করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি বিচার-সালিশ পরিচালনার অভিযোগও অস্বীকার করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে অর্জিত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানান। পাশাপাশি, তাঁর মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য তৈরি, প্রচার ও শেয়ারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এসময় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত