জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এবং লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (খঅওঊঝ) প্রকল্পের আওতায় গতকাল সোমবার বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
পরে বেলা দুইটায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতিহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির বাস্তবায়নে ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং সবুজায়ন কার্যক্রমকে বেগবান করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক শামসুন্নাহার, পারভিন সুলতানা, গোলাম মওলা, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।
নিজস্ব প্রতিবেদক