মেহেরপুরের মুজিবনগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কুন্নত আলী (৫৪) নিজ গ্রামে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কুন্নত আলী জানান, তিনি ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুর বড় মসজিদ এলাকায় যাচ্ছিলেন। পথে কুদ্দুস বিশ্বাসের সঙ্গে দেখা হলে ঈদগাহের বাগান ডাকসংক্রান্ত একটি বিষয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার অনুরোধ করেন। পরে পুষ্কুণি বেক এলাকায় মোটরসাইকেলটি ছেলের কাছে হস্তান্তরের জন্য থামলে তৌহিদ ও তার ছেলে স্বপন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। একপর্যায়ে তারা ঘটনাস্থলে থাকা একটি বাঁশ দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন।
আহতের ছেলে রাসেল অভিযোগ করেন, পুকুরপাড় এলাকায় পৌঁছানোর পর তৌহিদ, তার ছেলে স্বপন এবং বাশারসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় তার বাবার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এছাড়া মুখে ঘুষি মারলে তার একটি দাঁত ভেঙে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাসেল বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
এ বিষয়ে মুজিবনগর থানার তদন্ত (ওসি) গৌতম কুমার পাল বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মুজিবনগর অফিস