আলমডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক বিক্রয় ও সংরক্ষণে জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই আহম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংপুর বিলপাড়া এলাকায় অভিযান চালান।
অভিযানকালে রংপুর গ্রামের মৃত মিনারুল মন্ডলের ছেলে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা বিক্রয় ও সংরক্ষণে সহযোগিতার অভিযোগে আরও দুইজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা অফিস