বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাখালডাঙ্গায় ‘জিয়া খাল’ খনন প্রকল্পের উদ্বোধনকালে ডিসি লুৎফুন নাহার

কৃষকদের উন্নয়নের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে
  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৬ ইং
মাখালডাঙ্গায় ‘জিয়া খাল’ খনন প্রকল্পের উদ্বোধনকালে ডিসি লুৎফুন নাহার

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গায় ‘মাখালডাঙ্গা জিয়া খাল’ খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রকল্পটি মাখালডাঙ্গা বড় বিল থেকে চিত্রা নদী পর্যন্ত বাস্তবায়ন করা হবে।


প্রকল্প কমিটির সভাপতি ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা জানান, প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা ব্যয়ে ৮০০ মিটার খাল খনন করা হবে। এতে ১১৯ জন শ্রমিককে প্রতিদিন ৫০০ টাকা হাজিরায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্পটি ৪৩ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে প্রকল্পের কাজের শুভসূচনা করেন। উদ্বোধন শেষে অতিথিদের মাঝে মিষ্টিমুখ করানো হয়।


খাল খনন শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং তার যে অগ্রাধিকার প্রকল্পগুলি রয়েছে, তারমধ্যে খাল খনন অন্যতম। খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এই মাখালডাঙ্গায় ৮০০ মিটার খালখ নন করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘এতে করে কৃষকদের উন্নয়নের পাশাপাশি পুরো এলাকার জীববৈচিত্র্য রক্ষা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের চুয়াডাঙ্গা অত্যান্ত দাবদাহের একটি জায়গা। এখানে পানির প্রবাহ যত বেশি হবে, তেমনি তাপমাত্রাও সহনশীল পর্যায়ে আসবে। এই এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষক শ্রেণির ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাবে, খালের পানি দিয়ে সেচের কাজ করতে পারবে, সেই সাথে  খালের পাড়ে আমরা গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করব। ফলে জেলার এই অতিরিক্ত তাপমাত্রা থেকে এখন না হোক কয়েক বছরের ভেতরেই সুফল পাবো।’


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচি অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষিকে সমৃদ্ধ করার লক্ষ্যে দীর্ঘ ৪৫ বছর পর আবারও খাল খনন কর্মসূচি চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ এই মাখালডাঙ্গার জিয়া খালটি ৮০০ মিটার পুনঃখনন প্রকল্পটি শুরু করা হয়েছে। এই খালটি সম্পূর্ণ খনন হলে অত্র এলাকাল কৃষকরা উপকৃত হবেন।’


তিনি আরও বলেন, ‘এই খাল পুনঃখননের জন্য দায়িত্বশীল কর্মকর্তাসহ জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। এছাড়াও আমরা নিজ দায়িত্বে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব, যাতে আমাদের চুয়াডাঙ্গা জেলায় যে খালগুলো আছে, সেগুলো আবার পুনঃখননের ব্যাবস্থা করা হয় কৃষি সমৃদ্ধির লক্ষ্যে।’ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার