চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলার সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলমের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অ্যাডভোকেট মাহাতাব হোসেন ডাবলু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট মোসলেম উদ্দীন, অ্যাড. সেলিম উদ্দীন খান, অ্যাড. এস. এম. রফিউর রহমান, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. এম. এম. শাহজাহান মুকুল, অ্যাড. আ. স. ম. আব্দুর রউফ, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. এস. এম. শামীম রেজা ডালিম, অ্যাড. এনামুল হাসান লাবলুসহ আরও অনেকে।
এসময় আইনজীবীগণ জেলা প্রশাসককে ওভারপাসের কাজ দ্রুত শুরু করা ও বাইপাস সড়ক নির্মাণের অনুরোধ জানান। এছাড়াও জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের ব্যবস্থা করতে বলেন। সরকারিভাবে বার ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ আইনজীবীদের বিভিন্ন সমস্যা, দাবি ও পেশাগত সুবিধা-অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানান।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মারুফ সরোয়ার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আইনজীবীরা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি জানান, সরকারিভাবে বার ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের সর্বাত্মক চেষ্ঠা আমি করব।’
জেলা প্রশাসক মাথাভাঙ্গা নদী দূষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ব্রিজের নিচে থাকা ময়লা-আবর্জনা থেকে পরিবেশ ও নদী রক্ষায় বিশেষ নজর দেবেন বলেও জানান। জেলার আইনজীবদের থেকে বাল্যবিবাহ রোধে সহযোগিতা কামনা করেন জেলা প্রসাশক লুৎফুন নাহার। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে বই ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক