চুয়াডাঙ্গা সরকারি কলেজে গতকাল শনিবার থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষাকেন্দ্রের বাইরে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় বিশেষ হেল্পডেস্ক স্থাপন করেছিল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
হেল্পডেস্কে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন বিতরণ, প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখার ব্যবস্থা এবং অভিভাবকদের বসার সুব্যবস্থা ছিল। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ব্যাগ প্রবেশ নিষিদ্ধ থাকায় শিক্ষার্থীরা এসব জিনিস নিরাপদে রাখতে পেরে খুশি হন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সজল, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম খোকন, যুগ্ম সম্পাদক সাব্বির আহম্মেদ রুম্মান ও তাহসান রিয়াদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক রিফাত মালিতা। এছাড়াও ইমন, রিদয়সহ আরও অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
অভিভাবকেরা বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এতে আমরা অনেক উপকৃত হয়েছি। ভবিষ্যতে ছাত্রদল থেকে আরও ভালো কিছু পেতে আশা রাখি।
এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ও ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ। এই হেল্পডেস্কে আমরা আমাদের মোবাইল, ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখতে পারছি। এতে আমাদের অনেক সুবিধা হচ্ছে।
ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদক