চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে উত্তোলিত ১ লাখ টাকা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী সাহাপুর গ্রামে পিতা জসিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের গত ১ এপ্রিল ২০২৬ তারিখে তার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট হ্যাক করে একটি প্রতারক চক্র ১ লাখ টাকা উত্তোলন করে নেয়। এ ঘটনায় তিনি চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার রশিয়া চর আলাতলি এলাকার বাসিন্দা হ্যাকার মো. কাউসার আলীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া ১ লাখ টাকা উদ্ধার করা হয় এবং তা ভুক্তভোগী জামাল উদ্দিনের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাউসার আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টাকা উদ্ধার হওয়ায় ভুক্তভোগী জামাল উদ্দিন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝেও পুলিশের প্রশংসা ছড়িয়ে পড়েছে। দ্রুত পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে চুয়াডাঙ্গা পুলিশের এই সফলতা সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়িয়েছে।
প্রতিবেদক সরোজগঞ্জ