শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৬ ইং
গাংনীতে ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে ট্রলির ধাক্কায় রেহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কসবা গ্রামের মাদ্রাসা পাড়ার এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহান ওই গ্রামের সাগর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কসবা গ্রামের সাইফুল ইসলাম তার বাড়ির পাশ থেকে ট্রলিতে বালুভর্তি করে বাড়ির ভেতরে নিচ্ছিলেন। এসময় চালকের অগোচরে শিশু রেহান ট্রলির পেছনে উঠে পড়ে। পরে ট্রলিটি ব্যাক করার সময় রেহান নিচে পড়ে গিয়ে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। রেহানের নানী শরিফা খাতুন জানান, বাড়ির পাশেই খেলছিল রেহান। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন, ট্রলির চালক সাইফুল ইসলাম রেহানের রক্তাক্ত দেহ কোলে করে রেখেছেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি আরও জানান, রেহান তার মেয়ে-জামাইয়ের একমাত্র সন্তান ছিল। শিশু রেহানের মৃত্যুতে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে।


গাংনী থানার পরিদর্শক (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স