চুয়াডাঙ্গায় এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া ও জাফরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হলেন- সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত লস্কর আলীর ছেলে আব্দুর রহিম (৩২) ও আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের সোহেল বিশ্বাসের স্ত্রী নিরাহা ওরফে নিরাসা বেগম (৩৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর থানার এসআই প্রসেনজিৎ সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার জাফরপুরে অভিযান চালান। অভিযানকালে ৩২ পিস ইয়াবাসহ আটক করা হয় আব্দুর রহিমকে। এদিকে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় নিরাহা ওরফে নিরাসা বেগমকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে স্থানীয়রা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আকরাম খান সঙ্গীয় ফোর্সসহ শান্তিপাড়ায় অভিযান চালান। এসময় আটক করা হয় নিরাসা বেগমকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। গতকালই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। আজ শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দুই মাদক কারবারিকে গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
নিজস্ব প্রতিবেদক