মেহেরপুর জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে একটি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব আব্দুস সবুর।
স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সকল সাংবাদিককে পেশাগত নীতিমালা অনুসরণ করতে হবে। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ প্রচার যেমন সহজ ও দ্রুত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্ববোধের প্রয়োজনীয়তা। যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করা সম্ভব।
সেমিনার ও কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রতিবেদক মেহেরপুর