দামুড়হুদায় ‘হানিট্যাপ’ কৌশলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে কলেজছাত্রী ও তার কিশোর বন্ধুকে উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- নাপিতখালি গ্রামের নওশাদ আলীর ছেলে শাকিল খান (২০) এবং পীরপুর গ্রামের চাঁদ বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (১৯)। এ ঘটনায় আরও দুইজন জড়িত থাকলেও তারা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী গত শনিবার সকালে দামুড়হুদার ফ্যান্টাসি পার্কে ঘুরতে যান। সেখানে তার বন্ধু ঢাকার খিলখেত থানার কুঁড়িল বিশ্বরোড এলাকার বাসিন্দা মেহেদী হাসান শুভ (১৬)-এর সঙ্গে দেখা করেন। দুপুরের দিকে তারা পার্কের পূর্ব পাশে একটি বেঞ্চে বসে কথা বলার সময় অভিযুক্তরা তাদের কাছে এসে ছবি ও ভিডিও ধারণের ভয় দেখায়। পরে মান-সম্মানহানির হুমকি দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে জোরপূর্বক ১ হাজার ৫০০ টাকা আদায় করে। একই সঙ্গে আরও ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
ভিকটিমদের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। এসময় শাকিল খান ও সজিব বিশ্বাসকে আটক করা হয়। তবে অন্য দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কলেজছাত্রী ও তার বন্ধুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা পারভীন আক্তার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমদের আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিবেদক দামুড়হুদা