জীবননগর উপজেলায় একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের পাশে অবস্থিত জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। নিহত তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।
সহকর্মীদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তুষার ও তার সহকর্মী মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতে কাজ করার সময় মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব পালন করতে থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজ শুরু করেন। পরে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক উথলী