মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা, আবৃত্তি, সংগীত ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি কাজল মাহমুদ, চুয়াডাঙ্গা জেলা উদীচীর সভাপতি হাবিবী জহির রায়হান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সংলাপ গোষ্ঠীর নাট্য সম্পাদক নুর আলম ও জেলা শিল্পী কল্যাণের সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের অনন্য স্মারক। ১৯৭১ সালে অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সংস্কৃতি ও নাট্যচর্চা একটি জাতির বিবেক জাগ্রত রাখে। বিশ্ব নাট্য দিবসের তাৎপর্য তুলে ধরে তারা বলেন, নাটক মানুষের জীবনের কথা বলে, সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং মানুষকে সচেতন করে। তাই সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তারা সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় রোধে সাংস্কৃতিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ইতিহাস সচেতন করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত ও আবৃত্তি পরিষদের সভাপতি মনোয়ারা খুশির সঞ্চালন উপস্থিত হয়ে সংগীত ও অভিনয় করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের প্রবীণ সদস্য হারুন অর রশিদ, ইউনুস আলী শাওন, আব্দুল ছালাম তারা, আদিল হোসেন, তুহিন সুলতানা, খন্দকার নুসরাত জাহান করবী, মনিরুজ্জামান মানিক, সুমিতা, দেলোয়ার হোসেন বাপ্পি, শাওন, বাদ্যযন্ত্রে সহায়তা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ, টুল্লু, ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদক