মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাপানের স্টুডেন্ট ভিসাপ্রাপ্ত ৮ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার মানুষের জন্য ভালো কিছু করতে চাই
  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৬ ইং
জাপানের স্টুডেন্ট ভিসাপ্রাপ্ত ৮ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গা থেকে সরাসরি জাপানের স্টুডেন্ট ভিসাপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে ড্রিম স্ট্যাডি অ্যাব্রডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় চেম্বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিসাপ্রাপ্ত ৮ শিক্ষার্থী হলেন- চুয়াডাঙ্গা থেকে রাহিনুল ইসলাম তৌফিক, তুহিন হাসান, বাপ্পি মিয়া, নয়ন আহমেদ, মশিউর রহমান ও আশিকুর রহমান এবং কুষ্টিয়া থেকে রনি আহমেদ ও সুমাইয়া মুন্নি।


ড্রিম গ্রুপের চেয়ারম্যান মুন্সি বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। 


প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ‘আমি বিশ্বাস করি তোমরা তোমাদের নাড়ির টান কখনোই ভুলে যাবে না। নাড়ির টান যারা ভুলে যায়, তারা আর যায় হোক, ভালো মানুষ হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমরা ভালো হয়ে এগোতে চাই, চুয়াডাঙ্গার মানুষের জন্য ভালো কিছু করতে চাই। একজন মানুষকেও যদি আমি পথ দেখাতে পারি, সেইটা আমার জন্য অনেক কিছু।’


বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘এই যাত্রা এখানেই থেমে থাকবে না,  এ যাত্রা আরও বিস্তৃতি লাভ করবে- আমরা এই প্রত্যাশা করি। আমরা মনে করি যে, আমাদের মেধা আছে, কিন্তু আমাদের কর্মক্ষেত্র কম। যে কারণে আমাদের মেধাবীদের অনেক ক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি না। এটা আমাদের সিস্টেমের সমস্যার কারণে। এই সমস্যাগুলো আমরা এখনো দূর করতে পারি নাই। ভবিষ্যতে আমরা যদি আমাদের মেধাবীদেরকে কর্মক্ষেত্র তৈরি করে দিতে পারি, তাহলে আমাদের মেধাবীরা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা অন্যান্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করছে, তাদের সুযোগ তৈরি হবে নিজের দেশের জন্য কিছু করার। ’


তিনি আরও বলেন, ভবিষ্যতে বা এই প্রজন্মের হাত ধরে বাংলাদেশ উন্নতি দিগন্তের দিকে এগিয়ে যাবে। যেখানে আমাদের যুবকেরা, ছাত্র-ছাত্রীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করবে।


এসময় অনুষ্ঠানটির সভাপতি এবং ড্রিম গ্রুপের চেয়ারম্যান মুন্সি বিপ্লব বলেন, ‘২০৩০ সাল পর্যন্ত যদি আমরা এই চুয়াডাঙ্গা জেলার ৫০০ জনকেও জাপানে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তারা এলিটদের খাতায় নাম লেখাবে।’ তিনি আরও বলেন, ‘এবার আমাদের ড্রিম স্ট্যাডি অ্যাব্রড থেকে যে ৮ জন শিক্ষার্থী ভিসার আবেদন করেছি, তারা সবাই ভিসা পেয়েছে। এখানে যারা ভিসা পায়নি, খুব শিগগিরই তারাও এই খাতাই নাম লেখাবে ইনশাআল্লাহ।’


পরে প্রতিষ্ঠানটির কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এসময় প্রতিষ্ঠানের পক্ষ হতে ড্রিম গ্রুপের চেয়ারম্যান মুন্সি বিপ্লব এবং চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমিনকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা