দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সীমানা প্রাচীর নিয়ে মারামারি হয়। পরে দিবাগত রাত একটার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম (৫০) নামের একজনের মৃত্যু হয়। তিনি মুক্তারপুর গ্রামের মওলা বকস ঢালির ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মুক্তারপুর গ্রামের জলিলের ছেলে জাহিদুল ইসলাম (৩৬) ও বারিক (৪০)।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা মুক্তারপুর গ্রামের মাওলা বক্স ওরফে ঢালীর ছেলে শহিদুল ইসলাম বাড়িতে রান্নাঘর করার জন্য পাকা দেওয়াল গাঁথুনি দিচ্ছিল। তবে গাঁথুনি কাজে বাধা দেন চাচাতো ভাই কামরুল ইসলাম। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে জলিল উদ্দিনের ৮ ছেলে মাথায় পাগড়ি বেঁধে একসাথে এসে লাঠিঁেসাটা এনে শহিদুলের পরিবারের লোকজনের পিটাতে থাকেন। এসময় শহিদুল ইসলাম রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার অবস্থা অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক খুলনা ২৫০ শয্যার হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, একই ঘটনায় জলিলের ছেলে কামরুলের আঘাতে ঈমানের স্ত্রী আরবি খাতুন (৪৫) ও রসিদুল ইসলামের শিল্পী খাতুন (৪০) আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় নিহত শহিদুল ইসলামের ভাই শাহিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নম্বর (১৭-২৪/০৩/২৬ইং)।
এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দিনের নেতৃত্বে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি মেজবা উদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে চাচাতো ভাইদের হাতে চাচাতো ভাই খুন হয়েছে। এ ঘটনায় আমরা দুজনকে আটক করেছি এবং বাকি আসামিদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক দামুড়হুদা