মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে সামাজিক উন্নয়ন ও যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে প্রামাণিক যুব সংঘের উদ্যোগে সরকারি নিবন্ধন সনদ হস্তান্তর অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে মানিকদিয়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রামাণিক যুবসংঘের সভাপতি মাফতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী। এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা কাজী মো. আবুল মুনসুরসহ সংগঠনের সহসভাপতি জিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম, কোষাধ্যক্ষ আসাবুল আলম, নির্বাহী সদস্য হানিফ আলী, আশরাফুল ইসলাম ও মুকুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। একটি সংগঠনের সরকারি নিবন্ধন শুধু স্বীকৃতি নয়, বরং এটি দায়িত্ব ও জবাবদিহিতার প্রতীক। প্রামাণিক যুব সংঘের এই অর্জন স্থানীয় যুবসমাজকে অনুপ্রাণিত করবে এবং সমাজসেবা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকারি নিবন্ধনের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক গাংনী