২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা শহরকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। পরে পৌরসভার সার্বিক সহযোগিতায় ১২টি দলে বিভক্ত হয়ে পুরো চুয়াডাঙ্গা শহরব্যাপী এই পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।
এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী, স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ।
শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা ও অবৈধ দখল উচ্ছেদে এই বিশেষ অভিযান চালানো হয়। মূলত ১২টি দলে ভাগ হয়ে চুয়াডাঙ্গার নানান শ্রেণি-পেশার মানুষ ড্রেন পরিষ্কার ও রাস্তার পাশের বর্জ্য অপসারণ করেন। অভিযানে শুধু পরিষ্কার করাই নয়, বরং সাধারণ মানুষকে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গাকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতেই এই ধারাবাহিক কর্মসূচি। যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণ রোধে সকল জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক