ঈদের দিন বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: সুরুজ আলী (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী এবং এক বাইসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার সময় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা রোডের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খাম্বার (পিলার) সাথে সজোরে ধাক্কা খায়।এবং সুরুজ আলী নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। নিহত: মো: সুরুজ আলী (১৯) চুয়াডাঙ্গা ইসলামপাড়ার মো: স্বপন আলীর ছেলে।
আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী চুয়াডাঙ্গা শ্মশান ঘাট পাড়ার মোঃ ইমন হোসনের ছেলে হৃদয় হোসেন ও বাইসাইকেল আরোহী চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামের পটলা পীরের ছেলে ইন্তাদুল (৫৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হৃদয় এবং ইন্তাদুল সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক