চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার ৩১তম পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস (এমএ) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিদায়ী পুলিশ সুপারকে বিশেষ পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বাংলাদেশ পুলিশ, ঢাকায় পদায়ন করা হয়েছে। দায়িত্ব হস্তান্তরের সময় তিনি নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ইনচার্জ সিসিআইসি, আরআই, টিআই এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক