শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি রুহুল আমিনের পরিচ্ছন্নতা অভিযান

এক্স-রে মেশিন মেরামতের তাগিদ, রেফার কমানোর আহ্বান
  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৬ ইং
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি রুহুল আমিনের পরিচ্ছন্নতা অভিযান

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিনের উদ্যোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় এমপি নিজ হাতে হাসপাতালের সামনে ও পেছনের ঝোপঝাড় পরিষ্কার করেন এবং ঝাড়ু দিয়ে আশপাশের এলাকা পরিচ্ছন্ন করেন। পরে হাসপাতালের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমপি রুহুল আমিন সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি বলেন, ‘আমার জন্মস্থান জীবননগরের এই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ দেখে আমি সন্তুষ্ট। বাইরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ ইতিবাচক মনে হয়েছে।’


তিনি জানান, হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে অচল রয়েছে। দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। অন্যান্য যন্ত্রপাতি সচল আছে বলেও তিনি উল্লেখ করেন। অ্যানেস্থেসিয়ান নিয়োগ পাওয়া গেলে দ্রুত অপারেশন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি। এমপি রুহুল আমিন বলেন, ৩১ শয্যার জনবল দিয়ে বর্তমানে ৫০ শয্যার হাসপাতাল পরিচালিত হচ্ছে। এছাড়া কিছু জনবল বিভিন্ন জায়গায় সংযুক্ত থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সংযুক্তি বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। একই সঙ্গে চিকিৎসকদের অযথা রোগী রেফার্ড না করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সুজনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর সেক্রেটারি আরিফ জোয়ার্দ্দারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার ডম্বলপুরে জমি দখলের চেষ্টায় হামলার অভিযোগ