বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ

লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।


সভায় পূর্ববর্তী সভার কার্যবিবররণী পর্যালোচনা ও অনুমোদন, আইনগত সহায়তা প্রদানের আবেদনসমূহের ওপর অবগতি ও সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগকৃত আইনজীবীগণের দাখিলি বিল অনুমোদন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন, লিগ্যাল এইডের কার্যক্রম বৃদ্ধিতে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে আলোচনা করা হয়।


সভায় জানানো হয়, নতুন করে ৪৬টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি প্যানেল আইনজীবীদের দাখিল করা ২২টি বিল উত্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের কোনো আপত্তি না থাকায় আবেদন ও বিলগুলো অনুমোদন দেয়া হয়। এছাড়া লিগ্যাল এইডের প্যানেলে নতুন আইনজীবী অন্তর্ভুক্তির জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনও সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।


এসময় জাতীয় লিগ্যাল এইড দিবসকে সামনে রেখে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বলেন, ‘আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস। দিবসটি সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন, টি-শার্ট ও ক্যাপসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং পূর্ববর্তী ডোনারদের পরবর্তী সভায় আমন্ত্রণ জানানোর বিষয়ে উদ্যোগ নিতে হবে।’ লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে আরও ব্যাপক প্রচার ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জেলায় বিপুলসংখ্যক অসহায় ও দুস্থ বিচারপ্রার্থী রয়েছেন, যাদের অনেকেই লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে আইনি সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে অবগত নন। এই সুযোগগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে।’


চিফ লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামিমা ইয়াসমিন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মনির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু, জিপি আব্দুল খালেক, বিশেষ পিপি এম.এম শাহাজান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সেক্রেটারি শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা, প্যানেল আইনজীবী তুহিন আহমেদ, শাহজামাল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার