চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পেয়ে পরিদর্শন করেছেন। নিয়মিত অফিস না করা, দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে তিনি পরিদর্শনে যান।
আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। এসময় তিনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি ও অনিয়মের নানা চিত্র তুলে ধরেন। পরিদর্শনকালে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সাব-রেজিস্ট্রারকে অফিসে উপস্থিত না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এমপি। পরে বেলা সাড়ে ১১টার দিকে কর্মকর্তার অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের সময়মতো অফিসে উপস্থিত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান।
এসময় সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত দলিল লেখক সমিতির নেতা-কর্মীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি সেবা নিতে এসে জনগণকে ভোগান্তিতে পড়তে হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
এই সংসদ সদস্য আরও বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরগুলোকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরিদর্শনকালে এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুনুর রশীদ, পৌর আমির মাহের, সাবেক চেয়ারম্যান দারুসসালাম, নুরমোহাম্মদ টিপু প্রমুখ।
এর আগে এমপি রাসেল আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন। পরে আলমডাঙ্গা পৌরসভা উপস্থিত হলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ও পৌর কর্তৃপক্ষ এমপি রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী তওহিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান প্রমুখ।
আলমডাঙ্গা অফিস