সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় উত্তেজনা

বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও
  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
দর্শনায় বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় উত্তেজনা

দর্শনা পৌর এলাকায় ইফতার শেষে মসজিদে যাওয়ার পথে রিপন (৪৪) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক খাইরুল ও হাসেম গং-এর বিরুদ্ধে। ঘটনাটি গতকাল রোববার সন্ধ্যায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে ঘটে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে।


আহত রিপন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। স্থানীয়দের বরাতে জানা গেছে, ইফতার শেষে মসজিদে প্রবেশের সময় ওঁৎ পেতে থাকা খাইরুল, তার পিতা হাসেম ও কয়েকজন সহযোগী ধারালো হাসুয়া ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাথমিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় পূর্ব থেকেই রাজনৈতিক উত্তেজনা ছিল। হামলার কারণ হিসেবে রাজনৈতিক প্রতিহিংসা এবং পূর্বের বাগবিতণ্ডা উল্লেখ করেছেন বিএনপি নেতারা। আহত রিপনের শ্বাশুড়ি কোহিনুর বেগম বলেন, ‘আমার জামাই ইফতার শেষে নামাজের জন্য যাচ্ছিলেন। ওই সময় লাঠি ও হাসুয়া নিয়ে তাঁকে আক্রমণ করা হয়। আমরা আইনের আশ্রয় নেব এবং সুষ্ঠু বিচার চাই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, রিপনের শরীরে অসংখ্য জখমের চিহ্ন ছিল এবং ধারালো অস্ত্রের আঘাতের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।



এদিকে, হামলার প্রতিবাদে গতকাল রাত ৯টায় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। পরে তারা দর্শনা থানা ঘেরাও করে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘রিপনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এটি তদন্তাধীন এবং মামলার প্রক্রিয়া চলছে। ঘটনায় পুলিশি অভিযান ও এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ এদিকে, হামলার পর ঈশ্বরচন্দ্রপুর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় চুরির মামলার আসামি দুদু গ্রেপ্তার