চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, দ্রব্যমূল্যের দাম সারা বছর যা ছিল রমজান মাসেও যেন তাই থাকে। রোজাকে পুঁজি করে অধিক মুনাফার সুযোগ নিলে শাস্তির আওতায় আনা হবে।
এছাড়া তিনি ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের সচেতন থাকতে হবে। আমরা অধিক পরিমাণের খাবার একসাথে ক্রয় করব না। রমজান আসলেই আমরা রোজার বাজার করি, তাও সেটা পুরো মাসের বাজার করে রাখি। ১৮ কোটি মানুষ যদি ১ মাসের খাবার একসাথে কিনতে যায় তাহলে বাজারে প্রচুর পরিমাণে চাপ পড়ে যার ফলে বাজারে কৃত্রিম সংকট দেখা দেয়।’
তিনি আরও বলেন, ব্যবসায়ী এবং ভোক্তা, দয়া করে রমজান মাসকে কেন্দ্র করে কেউ খাদ্যদ্রব্যের মজুত করবেন না। ভোক্তারাও সারা মাসের বাজার এক সাথে করে খাদ্য মজুত করে। এর কারণে বাজারে চাপ পড়ে এবং কৃত্রিম খাদ্য সংকট তৈরি হয় যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, সেহরি এবং ইফতার ২ সময়ই যে যে মসজিদে সাইরেনের ব্যবস্থা আছে তারা ১ থেকে ২ মিনিট সাইরেন বাজাবে। সেহরির সময় অনেক মসজিদে অনেক আগে থেকেই বয়ান বা ওয়াজ গজল চলতে থাকে, এটা মাইকে করা যাবে না। কারণ অনেকেই তাদের মতো করে সেহরি করতে চায়। তাছাড়া অন্য ধর্মাবলম্বীর মানুষেরাও রয়েছে এবং এতে অনেকের ঘুমে ব্যাঘাত ঘটে। যদি করতেই হয় বিনা মাইকে করবেন। সেহরির আগে ১-২ মিনিট মাইকে আহ্বান করতে পারেন, কিন্তু মাইক লাগিয়ে গান-গজল, বয়ান এগুলো করা যাবে না।’
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার শাহাবুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীদ্র কুমার মণ্ডল, জেলা শিক্ষা অফিসার জেসমিন আক্তার, তথ্য অফিসার শিল্পী মন্ডল, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী, পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক নরেশ চন্দ্র পাল, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক