চুয়াডাঙ্গায় দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাংবাড়িয়া ও গাংনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, চুয়াডাঙ্গাকে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তিনি বলেন, তিনি ক্ষমতার রাজনীতি করতে আসেননি; বরং জনগণের অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন।
তিনি আরও বলেন, হাতপাখা কোনো সাধারণ প্রতীক নয়। এটি ইনসাফ, সততা ও মানবতার প্রতীক। এই প্রতীক শোষণমুক্ত সমাজ গঠনের বার্তা দেয় এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থানের প্রতীক হিসেবে কাজ করে। হাতপাখায় একটি ভোট মানে সৎ নেতৃত্ব, নিরাপদ সমাজ এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনের পথে অগ্রসর হওয়া।
এসময় উপস্থিত ছিলেন আসমান খালি সাংগঠনিক থানা সভাপতি, গাংনী ইউনিয়ন সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ভাংবাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. জাহিদুল ইসলাম, মাসুদ রানা রতন, ইব্রাহিম হোসেন, মো. শামীম হোসেন, নাহিদ আলী, তাঁরা চাঁদ, জামাল উদ্দিন, ইখলাসসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমীকরণ প্রতিবেদক