বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৫ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদা অমি (২৬) নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমি মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অমি বাবার বাড়ি কাসাড়িপাড়া থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো ট-১৮-৪১৭৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অমি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।’ 


এদিকে, হঠাৎ প্রাণ হারানো এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের আহাজারিতে কাসাড়িপাড়া এলাকায় ভারী হয়ে ওঠে পরিবেশ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’