আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এই র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’।
চুয়াডাঙ্গা:
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উদ্যোগে দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম নিয়ে এক মহড়া প্রদর্শিত হয়। উপস্থিত দর্শকদের মাঝে এই মহড়া সচেতনতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা সম্ভব। জনগণকে প্রস্তুত থাকলেই বড় ধরনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করা যাবে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনা সভা। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা শাজাহান রেজা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল আলম বিপুল এবং এসএফডিএফ-এর উপজেলা ব্যবস্থাপক দীপক কুমার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী সোহেল রানা। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, কম্পিউটার অপারেটর মহসীন মোল্লা, আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মামুন ও তার টিম ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বাস্তব মহড়া প্রদর্শন করেন। তারা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল উপস্থিত জনতার সামনে প্রদর্শন করেন। সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু তার বক্তব্যে বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজ পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ ও অনুশীলনের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় পর্যায়ে সবাই একযোগে কাজ করলে যেকোনো দুর্যোগ পরিস্থিতি দক্ষভাবে সামাল দেওয়া সম্ভব।
দামুড়হুদা:
দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম প্রমুখ। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের অগ্রিম প্রস্তুতি থাকতে হবে। বজ্রপাত মোকাবিলায় আমাদের বেশি বেশি করে তালগাছ রোপণ করতে হবে।
জীবননগর:
জীবননগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দর্শনার্থী ও উপস্থিত শিক্ষার্থীদের সামনে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেখানো হয়- গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে কীভাবে নিরাপদে তা নিয়ন্ত্রণ করা যায়, ভূমিকম্পের সময় ভবনের ছাদ থেকে আহত বা জীবিত মানুষকে কীভাবে উদ্ধার করতে হয়, এবং বিভিন্ন ধরণের অগ্নিকাণ্ডের সময় প্রাথমিকভাবে কীভাবে আগুন নেভানোর ব্যবস্থা নিতে হয়। এসব বিষয়ে উপস্থিতদের হাতে-কলমে শেখানো হয়, যা সবাই আগ্রহের সঙ্গে উপভোগ করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। তিনি বলেন, দুর্যোগের সময় ক্ষয়-ক্ষতি কমাতে জনগণের সচেতনতা ও তাৎক্ষণিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা খালিদ প্রমুখ।
মেহেরপুর:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হায়দার প্রমুখ।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, আবির আনসারী, শেখ তৌহিদুল কবীর, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।
হরিণাকুণ্ডু:
সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গতকাল বিশ্বব্যাপী পালিত হয়েছে এই দিবসটি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, হরিণাকুণ্ডুর আয়োজনে দিবসটি উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।
সমীকরণ প্রতিবেদক