চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেনসিডিল ও একটি পাওয়ার টিলারসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ঈদগাহ ময়দানের সামনে থেকে ফেনসিডিলভর্তি বস্তা বহনকারী একটি পাওয়ার টিলারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আব্দুর রহমান (৩০) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী এনামুল হক (৩৪)।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার নির্দেশে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেনের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কয়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলবোঝাই পাওয়ার টিলারসহ দুইজনকে আটক করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেনসিডিল, একটি পাওয়ার টিলার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
জীবননগর অফিস