ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ডিজিটাল হাজিরা অপারেটিং সিস্টেমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এতদিন এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি হাজিরা খাতায় লেখা হতো। এখন থেকে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপে উপস্থিতি গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার তথ্য তাৎক্ষণিক চলে যাবে তার অভিভাবকের মুঠোফোনে।
বিদ্যালয়টির সভাপতি জেলা প্রশাসক বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার মুহূর্তে অভিভাবকদের কাছে খুদে বার্তা চলে যাবে। এর ফলে অভিভাবকদের দুশ্চিন্তা অনেকাংশে কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনিক ও সারা বছরের গড় উপস্থিতিও জানা যাবে। ইতিমধ্যে জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য বিদ্যালয়গুলোকেও ডিজিটাল হাজিরা পদ্ধতির আওতায় আনা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার প্রমূখ।
কমেন্ট বক্স