মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পুলিশের অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অভিযান

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পুলিশের অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অভিযান

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন থানা-পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। এই অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ জন নেতা-কর্মীকে করা হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও দর্শনা থানা অভিযানে গ্রেপ্তার হয়েছে ৭ জন এবং মেহেরপুরের মুজিবনগর ও গাংনী থানার অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও পাঁচজন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দুজনকে গ্রেপ্তার হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার গোপিনাথপুর ও যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত জিন্নাতের ছেলে ও পদ্মবিলা ইউনিয়নের মেম্বার ফেরদৌস (৪৬) এবং যাদবপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আওয়ামী লীগ কর্মী সিদ্দিক মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপিনাথপুর ও যাদবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা ভিন্ন ভিন্ন মামলার আসামি। চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’ তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে চুয়াডাঙ্গায় নূর আলম তরফদার নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের পর চুয়াডাঙ্গা জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক আওয়ামী লীগের কর্মী নূর আলম তরফদার (৪৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের মৃত ঝড়ু তরফদারের ছেলে।
স্থানীয়ীরা জানায়, নূর আলম তরফদার একসময় চুয়াডাঙ্গা শ্রমিক লীগের নেতা ছিল। পরে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজ্জাক খানের পক্ষে ফ্রিজ মার্কায় ভোট করেন এই নূর আলম তরফদার। স্থানীয়রা আরও বলেন, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের দাপট দেখিয়ে মাদক ব্যবসাও রমরমা ছিল তার। মাস দুই আগে তার পরিচালিত তরফদার কার্গ এর একটি গাড়ি দুই কোটি টাকার মাদকের চালানসহ ঢাকায় আটক হয়েছিলো। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে গা বাঁচিয়ে চলতে শুরু করেন নূর আলম তরফদার। অবশেষে গতকাল সদর থানা-পুলিশ তাকে আটক করেন।

``

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুকে (৪৫) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, আমিরুল ইসলাম মন্টুকে রাজনৈতিক মামলায় এবং অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের পথযাত্রায় হামলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দামুড়হুদা:
দামুড়হুদায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দুই আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল শনিবার থানাধীন পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের মাদার মণ্ডলের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও তার ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মতিয়ার রহমান। দামুড়হুদা মডেল থানার সূত্রে জানা গেছে, মারামারি মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলার নম্বর ১০, তারিখ ১০/০২/২৪, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (আজ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’ ওসি জানান, পুলিশ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দর্শনা:
দর্শনা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু ওরফে নেটা বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা চটকাতলা ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বাবু পরাণপুরে নিজ চানাচুর ফ্যাক্টরি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দর্শনা ডাকবাংলোর সামনে পৌঁছালে পুলিশ তার পথরোধ করে এবং তাকে গ্রেপ্তার করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, আশরাফুল ইসলাম বাবুকে ডেভিল হান্ট অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। গ্রেপ্তারের পরপরই তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

``

মুজিবনগর:
অপারেশন ডেভিল হান্টের আওতায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় ৫ আগস্ট পূর্ববর্তী সময়ের মামলা রয়েছে।
মুজিবনগর থানা সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আরিফুল এনাম বকুলকে (৫২)। এরআগে, বৃহস্পতিবার রাতে মুজিবনগর থানার একাধিক টিম বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আরোজ আলী (৫০), মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহেল আহম্মেদ (৩১) এবং বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজনই একটি মামলার আসামি। শুক্রবারই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গাংনী:
গাংনীতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় আকুবর আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকুবর আলী গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (গাঁড়াডোব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাঁড়াডোব জলি বিলপাড়ার মৃত হায়াত আলীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে গাংনী থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (মামলা নং-১১, তারিখ: ১৯/০৮/২৪, ধারা: সন্ত্রাসবিরোধী আইন ৬(২)/৭(৫)/৭(৬)/১০/১১/১২/১৩) রয়েছে। গতকালই তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী