আসন্ন দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। সংগঠনের সাবেক সভাপতি তৈয়ব আলী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং তার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুল ইসলাম প্রিন্স ভোটারদের কাছে ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কর্মী ও প্রার্থীদের এই প্রচারণায় কেরুজ চিনিকল ক্যাম্পাস এখন নির্বাচনী আলোচনায় সরগরম। গতকাল বুধবার সন্ধ্যায় কেরুজ চিনিকল ক্যাম্পাস এলাকায় অবস্থিত তৈয়ব আলীর সংগঠনিক কার্যালয়ে বয়লার হাউজের আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী।
সভায় উপস্থিত কর্মীরা জানান, ২০২৫ সালের আসন্ন নির্বাচনে তৈয়ব আলী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পরীক্ষিত নেতা। তিনি পরপর তিনবার নির্বাচিত হয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে আমাদের নেতা তৈয়ব আলীকে বিজয়ী করতে উপস্থিত সবাই ভোটারদের কাছে ভোট চাইবেন।

তারা আরও বলেন, ‘তৈয়ব আলী যেমন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তেমনি আমরাও তার জন্য ভোট চাইতে ছুটব। আমাদের ঘরে বসে থাকার সময় নেই। নির্বাচনের বাকি দিনগুলোতে আমরা তার জন্য কাজ করব এবং তার বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
এসময় তৈয়ব আলী বলেন, ‘আমি ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আশা করি, শ্রমিক-কর্মচারীরা তাদের মূল্যবান ভোট দিয়ে সঠিক নেতৃত্বকে বেছে নেবেন। আমি পরপর তিনবার নির্বাচিত হওয়ার পর শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সুবিধা ফিরিয়ে দিতে পেরেছি। আমার প্রতি তাদের এই আস্থা আমাকে আবারও বিজয়ী করবে। আমাদের মিলের মূল কাঁচামাল আখ, যা এই শিল্পকে টিকিয়ে রাখে। আমরা সকলে মিলের উন্নতির জন্য একসঙ্গে কাজ করব।’
পরিবহন বিভাগের ইয়াসির আরাফাত মিলনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মিল হাউজের আবুল কাশেম, ওয়ার্কশপের ওমর ফারুক সুইট, টারবাইনের জাহিদুল ইসলাম, ডিস্টিলারির আব্বাস আলী, সিডিএর সাইফুদ্দিন সুমন, আনিছুর রহমান প্রমুখ। অন্যদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুল ইসলাম প্রিন্স তার সংগঠনের সদস্যদের নিয়ে কেরুজ চিনিকলের ফ্যাক্টরিতে গণসংযোগ করেন এবং শ্রমিক-কর্মচারীদের নিকট ভোট প্রার্থনা করেন।
সমীকরণ প্রতিবেদন