বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গায় ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এ বইমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।
উদ্বোধনকালে তিনি বলেন, ডিজিটাল প্লাটফর্মের যুগে ভ্রাম্যমাণ বইমেলা পাঠকদের মাঝে সাড়া না ফেললেও যারা প্রকৃত পাঠক, তারা কিন্তু মেলার মাঠে আসবে। কারণ ডিজিটাল প্লাটফর্মে কোনো কিছু পড়া আর বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়ার মধ্যে যে আনন্দ বা স্বাদ, সেটি প্রকৃত পাঠকরাই অনুধাবন করতে পারবে। তাই পাঠকদের অনুরোধ জানাবো ৪ দিনের এই ভ্রাম্যমাণ বইমেলায় সপরিবারে এসে বই পড়ে প্রকৃত পাঠক হিসেবে বই পড়ার গুরুত্ব বাড়াতে।
বইমেলার উদ্বোধক নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বইমেলার উদ্বোধন শেষে নিজেই স্টল ঘুরে ঘুরে বেশকিছু বই ক্রয় করেন। তিনি মেলা কর্তৃপক্ষকে আহ্বান জানান, চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ বইমেলা সম্পর্কে প্রচার-প্রচারণা করতে। যাতে করে তরুণ প্রজন্মের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা ডিজিটাল প্লাটফর্ম ছেড়ে যেন বই পড়ার প্রতি নিজেদের আগ্রহ জন্মায়।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার কবি-লেখকদের লেখা কোনো বই, গল্প, উপন্যাস সংগ্রহ করে একটি বই কর্নার হলে ভালো হতো। তাহলে চুয়াডাঙ্গার তরুণ-তরুণী ও শিক্ষার্থীরাও জানতে পারতো তাদের জেলায়ও কবি সাহিত্যিক এবং লেখকরা আছেন বা যারা বই লিখতে পারেন। এই অনুপ্রেরণা থেকে এ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যেও বইপড়া ও কবিতা, উপন্যাস কিম্বা বই লেখার প্রতি আগ্রহ জন্মাতো। পরবর্তীতে এ বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান বিশ্ব সাহিত্য কেন্দ্রের (ভ্রাম্যমাণ বইমেলা) ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান।
এদিকে, আলমডাঙ্গায চার দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের এরশাদ মঞ্চে এই বইমেলার উদ্বোধন করেন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সিনিয়র সাংবাদিক ও স্বয়ম্ভর লাইব্রেরির সভাপতি এনামুল হক, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, কিশোর কারুণিক, বিশ্বসাহিত্য কেন্দ্রের স্বেচ্ছাসেবক রাকিব মাহমুদ প্রমুখ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১১ জানুয়ারি শনিবার পর্যন্ত। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন।
সমীকরণ প্রতিবেদন