মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পিতা-মাতা, ভাই-বোনসহ অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশের আয়োজন করে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহেনাজ।
প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষার মান উন্নয়নের জন্য যা কিছু করার দরকার, তার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে। শিক্ষার মান উন্নত করতে হবে, পাশাপাশি অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে সামগ্রিকভাবে যার যতটুকু করণীয়, সব ধরনের প্রচেষ্টা কাজে লাগিয়ে, শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানসিকভাবেও আজকের প্রজন্মকে এগিয়ে নিতে হবে। এ ব্যাপারে আমার সহযোগিতা সবসময় থাকবে ইনশাআল্লাহ।’

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়, একজন শিক্ষক আলোর প্রদীপ, যেমন ম্যাচ ছাড়া মোমবাতি জ্বলে না, আলো ছাড়া অন্ধকার, একজন শিক্ষক পারে একজন ছাত্রকে সোনার খনি, হিরার খনি তৈরি করতে।’
সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি নাজমুল হক লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিণ্টু প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শামীম রেজা, মাহমুদা খাতুন চায়না, সাইদুর রহমান রণ্টু, নাজমুল হক লিটন, শেফালী খাতুন, মনিরুল ইসলাম, জনি প্রমুখ। সমাবেশে অনেক শিক্ষার্থীর অভিভাবকগণ স্কুলের নানা বিষয়ে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সৃষ্টির কথা তুলে ধরেন।
সমীকরণ প্রতিবেদন