জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’ লেখা ভেসে ওঠার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। এছাড়া দুপুরে পৃথকভাবে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন ও মনিটরিং করেন এবং তদন্ত কমিটির সাথে কথা বলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীন। এরপর জেলা আর্মি ক্যাম্পের একটি দল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসনে বিশ^াস ঘটনাস্থলে আসেন।
এসময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, আইসিটি বিভাগের প্রোগ্রামার মাহমুদুর রহমান, সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল মাজেদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, জেলা যুবদলের অন্যতম সদস্য সমসের আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য ইফফাত আরা হ্যাপি, হাসানুজ্জামান, উপজেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য সোহেল পারভেজ, আলা উদ্দিন প্রমুখ।
এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়ে নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় ওই দিন রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয় উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল আলম ও উপজেলা আইসিটি সুপারভাইজার মাসুদুর রহমান।
গতকাল তদন্ত কমিটির প্রধান আলমগীর হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সমস্ত আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি আগামী সোমবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’
সমীকরণ প্রতিবেদন