মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়ান্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়ান্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ভিক্টোরিয়ান্স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২৩-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা খাতুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিকেল থেকে আমার অনেক ব্যস্ততা থাকা সত্বেও আমি ভেবেছিলাম এখানে আমি আসব এবং এসেছি। ভি জে স্কুলের শিক্ষার্থীদের এই আয়োজনে এসে আমি আনন্দিত হয়েছি। আমি চাই, এই চাঁদমারী মাঠ সবসময় ব্যস্ত থাকুক। শিক্ষার্থীদের বিভিন্ন আয়োজনে বিভিন্ন খেলা নিয়ে এই মাঠটি এত ব্যস্ত হয়ে উঠুক যেন এর বাইরের কেউ এখানে কোনো ‘সিডিউল’ই না পায়।’
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘ছাত্রজীবনে খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি ব্যক্তিগত ও সামাজিক শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং মানসিক শক্তি গড়ে তোলে। এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

``

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বার (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মো. সাহিদুজ্জামান টরিক। তিনি বলেন, ‘১৯৯৫ সালে তখন আমি যুবক ছিলাম, যখন আমি সিঙ্গাপুরে কেবল গিয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে আমি চিন্তিত থাকতাম। আমার বাবা আমাকে বলতেন পরিশ্রম করো। তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘চিন্তিত থাকলে দৌঁড়াও, ঘাম ঝরাও। দেখবে চিন্তা চলে গেছে। সিগারেট দ্রব্য বা অন্য কোনো দ্রব্য তোমার চিন্তা কমাতে পারে না। এটি আমার বাবার দেয়া শিক্ষা, যা মেনে চলে আজ আমি সাহিদুজ্জামান টরিক হয়েছি। তাই কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবে না। তোমাদের চিন্তা থাকতে হবে আকাশ ছোঁয়ার। শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।’
সাহিদুজ্জামান টরিক বলেন, ‘সিঙ্গাপুরে মানুষের কল্যাণের জন্য আমার আয়ের একটি অংশ আমি ব্যয় করি। আমি রাজার মতো চলতে পছন্দ করি, কিন্তু ব্যাংকে টাকা রাখতে নয়। বিভিন্ন ব্যবসা থেকে আমার যা হয়, আমি তা খরচ করে ফেলি। কারণ আমার বাবা বলতেন, যতি তোমার কাছে টাকা গচ্ছিত হয়ে যায়, তাহলে মনে অহঙ্কার চলে আসে, মনে কখনো অহঙ্কার রাখতে নেই। আমার বাবা প্রয়াত হয়েছেন, কিন্তু তার কথা এবং শিক্ষা আমার অন্তরে রয়ে গেছে। বড়দের সম্মান করো, দেখবে তোমরাও সম্মানিত হয়ে যাবে।’

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন অ্যাড. হেমায়েত উল্লাহ বেল্টু ও যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন (উজ্জ্বল)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম লিটন, মো. মাসুদুর রহমান বিপ্লব, মো. শহীদুল ইসলাম ও মো. মামুনার রশীদ।
দুই দিনের এই টুর্নামেন্টে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২৩-এর ছয়টি দল অংশ নেয়। দলগুলো- ভিক্টোরি অ্যাভেঞ্জারস, ভিক্টোরি ডমিনেটর্স, মাইটি ভিক্টোরিয়ান, ভিক্টোরি হান্টার্স, ভিক্টোরি ওয়ারিয়র্স এবং ভিক্টোরি হিটার্স। গতকাল দ্বিতীয় দিনের সেমিফাইনালে ভিক্টোরি হিটার্স বনাম ভিক্টোরি ডমিনেটর্স এবং মাইটি ভিক্টোরিয়ান বনাম ভিক্টোরি হান্টার্স মুখোমুখি হয়। সেমিফাইনাল বিজয়ী হয়ে ভিক্টোরি ডমিনেটর্স ও ভিক্টোরি হান্টার্স ফাইনালে উত্তীর্ণ হয়। এবং ফাইনালে ভিক্টোরি ডমিনেটর্সকে হারিয়ে ভিক্টোরি হান্টার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তৌফিক ও তার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের অধিনায়ক তানিম ও তার দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী