আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে রাস্তার উন্নয়ন কাজের শুভ সূচনা উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গ্রামের হায়দারপুর মোড় থেকে বানাতখালি মোড় পর্যন্ত রাস্তা উন্নয়কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
এসময় গ্রামবাসী জানান, তারা দীর্ঘদিন ধরে এই রাস্তার উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা তাদের জন্য একেবারেই অনুপযোগী এবং কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু রাস্তাটির উন্নয়নে কোনো কাজ করা হয়নি। তবে শরীফুজ্জামান শরীফ এই রাস্তার উন্নয়ন কাজের সূচনা করেলেন। এতে স্থানীয়রা অত্যন্ত খুশী।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে ছিল। বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহার একেবারেই অসম্ভব হয়ে পড়তো। আজ এই উন্নয়ন কাজের সূচনা করতে পেরে গ্রামবাসীর ন্যায় আমিও আনন্দিত। আমরা বিশ্বাস করি, উন্নয়ন মানুষের মৌলিক অধিকার এবং এটি রাজনীতির ঊর্ধ্বে। রাস্তাটি শুধু এই গ্রামবাসীর জন্য নয়, আশেপাশের এলাকার মানুষদের জন্যও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। আমরা চাই, এই উন্নয়নের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং রাস্তাটি যেন দীর্ঘদিন টেকসই থাকে।’
তিনি বলেন, ‘বিএনপি সবসময় জনগণের পাশে থেকে তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে। এই রাস্তার উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, যা আমরা পূরণ করার চেষ্টা করছি। ভবিষ্যতেও আমরা জনগণের স্বার্থে কাজ করে যাব।’
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক লালন ইসলামসহ গ্রামবাসী।
সমীকরণ প্রতিবেদন