চুয়াডাঙ্গার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন হয়েছেন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। একই সাথে বর্তমান সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে ৫১ জন স্বাস্থ্য কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় বদলি ও পদায়ন করা হয়েছে।
চুয়াডাঙ্গার নতুন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ আলমডাঙ্গা শহরের বাসিন্দা। তিনি আলমডাঙ্গা উপজেলার উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হন। এরপর ২৪তম বিসিএস-এর মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। তিনি এর আগে ঝিনাইদহের সিভিল সার্জন ছিলেন। সেখান থেকে বদলি হয়ে এবার চুয়াডাঙ্গা জেলায় যোগদান করবেন।
ইতিপূর্বে তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ময়মনসিংহ মেডিকেল কলেজে চাকরি ও কুষ্টিয়া ম্যাটসের প্রিন্সিপাল ছিলেন। এছাড়া ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
সমীকরণ প্রতিবেদন