মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাখালডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
মাখালডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

‘কৃষকরাই এই দেশের মেরুদণ্ড। তাদের পরিশ্রমেই আমাদের মাটি সোনার ফসল ফলাচ্ছে, অথচ বিগত সময়ে সকল ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমরা বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ ধরে তারেক রহমান ইতোমধ্যেই কৃষকদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে কর্মসূচি হাতে নিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে সার, বীজ এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা হবে। পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে, যাতে কৃষকরা সেচের পানির সুবিধা পান। কৃষিভিত্তিক শিল্পকারখানা ও কোল্ড স্টোরেজ স্থাপন করে কৃষি পণ্য সংরক্ষণ এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে।’
মহিলা কৃষকদের উন্নয়নেও গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মহিলা কৃষক ও কৃষি শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, কৃষকদের জন্য কৃষিশিক্ষার প্রসারে কাজ করবে বিএনপি।’ জিনিসপত্রের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে শরীফুজ্জামান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকের ঘরে হাসি ফুটবে, আর সেই হাসিই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।’ শরীফুজ্জামান আরও বলেন, ‘আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন, আমরা সেই পরিবেশ তৈরি করব। কৃষকদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব।’
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটুও খালিদ মাহমুদ মিল্টন। জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মোহাবুল ও জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক ইকরাম হক ইকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর গনি সামদানি, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী প্রমুখ। সমাবেশে অন্যান্য বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা কৃষকের ঘরে হাসি ফোটানোর অঙ্গীকারে সবাই একসঙ্গে কাজ করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী