দামুড়হুদায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দামুড়হুদা স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী এবং বিশেষ আকর্ষণ ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম সাহিত্য সংস্কৃতি জোট।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা আমির মো. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আবার যদি আপনারা ৫ তারিখে ফিরে যেতে চান, তবে এই বাংলার দামাল ছেলেরা তার দাঁতভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। কারণ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক তেমনি আবারো যদি আপনারা ৫ তারিখে ফিরে যেতে চান, তবে বাংলার দামাল ছেলেরা আর ছাড় দেবে না। এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, বাংলার দামাল ছেলেরা। আর কোন স্বৈরাচারের ঠাঁই বাংলাদেশে হবে না।’

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসছিরিন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল খালেক। এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক আসলাম হোসেন অর্ক। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার জামায়াতে ইসলামী নেতা-কর্মীসহ এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাইফুল্লাহ মানসুর।
সমীকরণ প্রতিবেদন