মেহেরপুর শহরে নৈশপ্রহরীকে চোখ ও হাত-পা বেঁধে রেখে ট্রাক ভিড়িয়ে সোহানা বস্ত্রালয় থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ের সোহানা বস্ত্রালয় নামক একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
সোহানা বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী স্বপন ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোররাতে একজন নারী মোবাইল ফোনে জানান এই ডাকাতির ঘটনা। সাথে সাথে আমি দোকানে এসে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় ওই নারী ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন। এসময় তিনি পুলিশকেও খবর দেন।’
স্বপন ইসলাম আরও বলেন, ‘দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রিপিস, শাড়িসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।’ বাজারের নৈশপ্রহরী শহিদুল ইসলাম গগন বলেন, ‘রাত ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘোরাঘুরি করছিল। আমি তাদের খোঁজখবর নিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে, তা কিছুই দেখেনি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, ভোররাতের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে সাইবার ক্রাইম টিমসহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সমীকরণ প্রতিবেদন