এবারও চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গতকাল বুধবার আন্তজার্তিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার নাম ঘোষণা করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ওই সময় আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বিশেষ কাজে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে হোটেল সাহিদ প্যালেসের মহাব্যবস্থাপক গাজী বদরুজ্জামান ও মার্কেটিং ম্যানেজার মাবুদ সরকার সম্মাননা স্মারকটি গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের আয়। রেমিট্যান্স যোদ্ধা বিদেশের মাটিতে থেকেও প্রতিনিয়তই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। সাহিদ সাহেবের মতো রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। ওনারা দেশের মঙ্গলের জন্য পরিশ্রম করেন।’
সমীকরণ প্রতিবেদন