চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’। গতকাল বুধবার পৃথক আয়োজনে দিবসটি পালন করা হয়।
চুয়াডাঙ্গা:
‘প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করতে হবে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা পাঠালে ওই টাকা নিরাপদে থাকবে। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমন করতে হবে। উদ্যোক্তা এবং বিদেশ গমনকারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্য ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) শারমিন আক্তার প্রমুখ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চুয়াডাঙ্গা শ্রম ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোসাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার শিমুল কুমার মন্ডল, জাতীয় দৈনিক 40 ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী। আরও বক্তব্য দেন মালয়েশিয়া প্রবাসী দর্শনার শাহীন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আহসান আলম, আশরাফুল আলম, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও টিটিসির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন টিটিসির ইন্সট্রাক্টর আলামিন হোসেন। আলোচনা সভা শেষে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী (পুরুষ) চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রেরণকারী (নারী) জর্ডান প্রবাসী মোছা. পারভীন আক্তারের প্রতিনিধিদের হাতে সম্মননা স্মারক তুলে দেয়া হয়।

দামুড়হুদা:
‘প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ স্লোগানে দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহল।
তিনি বলেন, ‘জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের প্রবাসী ভাইদের কথা স্মরণ করার দিন। বাংলাদেশের ১৬ কোটি ৫০ লাখ জনসংখ্যার মধ্যে থেকে প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারা যে টাকা বা রেমিট্যান্স পাঠায় যা দিয়ে তাদের পরিবারের সচ্ছলতা ও দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল থাকে। তাদের এই অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। সুতরাং দেশে বা বিদেশে আমাদের কোনো প্রবাসী ভাই যেন কোনো প্রকার হেনস্থার স্বীকার না হয়, সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, সমবায় অফিসার হারুন অর রশীদ, মহিলা বিষয়ক অফিসার হোসনে জাহান, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি এসআই মাহাবুল, এনজিও ব্র্যাক প্রতিনিধি নিজাম উদ্দিন, এনজিও ওয়েভ ফাউন্ডেশন প্রতিনিধি মিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জীবননগর:
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জীবননগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন।
উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়লের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. পাভেল রানা, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, দৈনিক সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ও বার্তা-২৪.কমের জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ, সাংবাদিক তুহিনুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যাওয়ার সময় যেন ক্ষতির মুখে না পড়েন, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।
মেহেরপুর:
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মেহেরপুরে প্রবাসী মেলা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে ফিতা কেটে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে।
এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চতুর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির, পুলিশ ইন্সপেক্টর জাকির হোসেন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন