মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হাতকড়া নিয়ে আসামি পালানোর ঘটনা

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৪ ইং
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হাতকড়া নিয়ে আসামি পালানোর ঘটনা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই হাতকড়া নিয়ে তিন আসামি পালানোর ঘটনায় দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই তদন্ত কমিটি দৈনিক সময়ের সমীকরণসহ সংশ্লিষ্টদের কাছ থেকে বক্তব্য নেয়াসহ সরেজমিন তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার কারণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কনস্টেবল চঞ্চলকে বদলি করা হয়েছে।
জানা গেছে, গত ২৩ অক্টোবর চুয়াডাঙ্গায় অভিযানের সময় মাদক বিক্রেতাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মূলত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করে। খবর পেয়ে অন্যান্য মাদক বিক্রেতা ও তাদের পরিবারের সদস্যরা সেখানে যায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে। এসময় হাতকড়া পরিহিত তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক টিমের কাছ থেকে ছিনিয়ে নেয় মাদক বিক্রেতারা। শুরু হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সাথে মাদক বিক্রেতাদের হাতাহাতি।
মাদক বিক্রেতাদের অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য চঞ্চল প্রতি মাসে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা মাসোহারা দেয়ার পরও কেন তাদেরকে হয়রানি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেয়া হয় চুয়াডাঙ্গায় দায়িত্বরত সেনাবাহিনীর টিমকে। সেনাবাহিনীর টিম সেখানে পৌঁছালে মাদক বিক্রেতারা সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পর দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরে আসে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রদান কার্যালয়ের সহকারী পরিচালক কাসফিয়া আলম ঊর্ধ্বতনদের নির্দেশক্রমে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালককে তদন্তের নির্দেশ দেন। ওই পত্রে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর তারিখে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় `চুয়াডাঙ্গায় অভিযানের সময় মাদক বিক্রেতাদের সাথে বিশৃঙ্খলা, দুই হাতকড়া নিয়ে পালালো তিন আসামি’ সংবাদ প্রকাশিত হয়। সরেজমিন তদন্তপূর্বক একটি তদন্ত প্রতিবেদন ৭ কর্মদিবসের মধ্যে প্রধান কার্যালয়ে দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার বলেন, এ ঘটনার পরপরই চঞ্চলকে অন্য জেলায় বদলি করা হয়েছে। এছাড়া প্রধান কার্যালয়ের নির্দেশমতো সরেজমিন তদন্ত করে প্রতিবেদন পাঠানো হবে। আমরা সংবাদকর্মীর কাছেও বক্তব্য নিয়েছি। সংশ্লিষ্টদের বক্তব্যও নেয়া হয়েছে। প্রধান কার্যালয় পরবর্তী সিদ্ধান্ত নিবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী