চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গত মাসের থেকে এ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাল্যবিবাহ ও মাদক রোধে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মর্নিটরিং করতে হব
সভায় একজন গণমাধ্যমকর্মী বাজারে পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহার শুরু হলেও পুরোপুরি হয়ে ওঠেনি বলে জানান। এবং পাটজাত পণ্যের ব্যবহার শুরু হওয়ার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ দেন। এসময় জেলা প্রশাসক বলেন, শুরুটা হয়েছে। আমরা বিকল্প ব্যবস্থার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবো। এই সময়েও এদিকে বিশেষ নজর রাখা হবে। যাতে চোরাইভাবে কেউ ব্যবসা করতে না পারে। জেলা প্রশাসক বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। প্রয়োজনে বিশেষ অভিযান করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা বলেন, শৃঙ্খলা ধীরে ধীর ফিরে আসছে। আমরা চেষ্টা করছি। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আরও বেশি ভালো হতে পারে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানেই আছে পুলিশ। আপনারা দেখছেন, আমরা বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান করছি। এসময় তিনি আরও বলেন, আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানাবো। কোথায় কী হচ্ছে, আপনারা আমাকে একটু জানালে, আমরা আরও ভালো করতে পারব।
সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাংবাদিক মেহেরাব্বিন সানভী, আহসান আলম প্রমুখ বক্তব্য দেন।
এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন জেলা পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, জেলা আদালত সহায়তা কমিটির সভা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা পর্যালোচনা কমিটির সভা, মানবপাচার প্রতিরোধ কমিটির সভা, জেলা চোরাচালান বিরোধী সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সভা, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন