আলমডাঙ্গায় মরহুম আনিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার ঘোলদাড়ী ফুটবল মাঠে এর আয়োজন করে ঘোলদাড়ী বাজার যুব সংঘ। টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি এবং দৌলতদিয়াড় কদমতলা একাদশ। দুই দলের হাড্ডা হাড্ডি লড়ায়ে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি ৩-১ গোলে জয়লাভ করে। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আমাদের দায়িত্ব। মাদক শুধু ব্যক্তিগত জীবন নয়, পুরো সমাজকে ধ্বংস করে। সুস্থ সামাজিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে হলে মাদকমুক্ত হতে হবে। দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে সুস্থ রাজনীতির চর্চা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজের শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে।’ পরে শরীফুজ্জামান শরীফ মরহুম আনিসকে স্মরণ করেন এবং তাঁর স্মৃতি ধরে রাখায় এই আয়োজনের জন্য ঘোলদাড়ী বাজার যুব সংঘের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ মোমিন মালিথা। এছাড়া অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা মরহুম আনিসের স্মৃতিকে ধরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন এবং তরুণ সমাজের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ সৃষ্টি, সুস্থ মানসিকতা গঠনে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
সমীকরণ প্রতিবেদন